ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের নাম বদলে 'সমাজকর্ম ও গবেষণা ইনস্টিটিউট' করা হয়েছে।
শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের গভর্নিং বডির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ইনস্টিটিউটের একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্তের ভিত্তিতে গর্ভনিং বডি এ সিদ্ধান্ত নেয়। পরবর্তীতে সিন্ডিকেট এবং সিনেটে এ সিদ্ধান্ত অনুমোদন করে বিশ্ববিদ্যালয়ের সংবিধিতে অন্তর্ভূক্ত করা হবে।"
ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মুহাম্মদ সামাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এখন থেকে এর অনার্স ডিগ্রি 'ব্যাচেলর অব সোশ্যাল সায়েন্স ইন সোশ্যাল ওয়েলফেয়ার' এর পরিবর্তে 'ব্যাচেলর অব সোশ্যাল সায়েন্স ইন সোশ্যাল ওয়ার্ক' এবং মাস্টার্স ডিগ্রি 'মাস্টার্স অব সোশ্যাল সায়েন্স ইন সোশ্যাল ওয়েলফেয়ার' এর পরিবর্তে 'মাস্টার্স অব সোশ্যাল সায়েন্স ইন সোশ্যাল ওয়ার্ক' হিসেবে গণ্য হবে।
তিনি বলেন, "পৃথিবীর এক হাজারেরও বেশি বিশ্ববিদ্যালয়ে বিষয়টি সমাজকর্ম হিসেবেই পরিচিত। এ কারণে আমাদের ছাত্র-ছাত্রীরা বিদেশে স্কলারশিপের জন্য আবেদন করে সমস্যায় পড়ে। তাই আমরা নাম বদলানোর এ সিদ্ধান্ত নিয়েছি।"
"সমাজকর্ম হচ্ছে পঠিত বিষয় আর সমাজকল্যাণ হচ্ছে এর লক্ষ্য। তাই ইনস্টিউটের নাম সমাজকল্যাণ হতে পারে না" বলেন তিনি।
সূত্রঃ বিডি নিউজ ২৪ ডটকম

No comments:
Post a Comment